কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৫, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযানে এক রাতে ২৯৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মানচিত্র দেখুন

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযানে অংশ নেয়।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত, মাদক কারবার ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেসব এলাকায় বিশেষ নজরদারির মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোররা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মানচিত্র দেখুন

তিনি আরও বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।