জাতিসংঘের আদলে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতিসংঘ অধিবেশন। আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানো এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন। আগামী ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলন শুরু হবে। ১০ নভেম্বর বিকেলে শেষ হবে এ আয়োজন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন আয়োজক শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের মহাসচিব আল-আমিন, উপ-মহাসচিব আনিকা তাহসিন, জনি আহমেদ, মহাপরিচালক রাত্রী দেসহ আয়োজক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা বলেন, এবারের সম্মেলনে পাঁচটি দেশের প্রতিনিধিত্ব থাকবে। এতে ৩০ জন বিচারক ও প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন। শিক্ষার্থীরা সাতটি কমিটিতে ভাগ হয়ে আন্তর্জাতিক সংকট, মানবাধিকার, নারী অধিকার, খাদ্যনিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিচারব্যবস্থা এবং জাতীয় নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও বিতর্ক করবেন।
সম্মেলনের সাতটি কমিটি হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী বিষয়ক সংস্থা, শরণার্থী, খাদ্য ও কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিচার আদালত ও জাতীয় সংসদ।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সমস্যা নিয়ে গবেষণা, যুক্তি উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।












