সংবাদ:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল নেওয়াজের বিরুদ্ধে জমি খারিজে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মোটা অংকের অর্থ ছাড়া সংশ্লিষ্ট ভূমি অফিসে কোনো কাজই সম্পন্ন হয় না।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, জমির নামজারি প্রক্রিয়ায় অসঙ্গতি সৃষ্টি করে অতিরিক্ত জমি দেখানোর মতো গুরুতর অনিয়ম ঘটানো হয়েছে। একাধিক ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি জমি নামজারি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা করতে বিপুল অর্থ লেনদেন হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, অভিযুক্ত কর্মকর্তার নামে ও বেনামে বিপুল সম্পদের তথ্য। এলাকাবাসীর ভাষ্য, নগরীর বিভিন্ন এলাকায় তার একাধিক ফ্ল্যাট, প্লট ও মূল্যবান জমি রয়েছে, যার পরিমাণ কয়েকশ কোটি টাকার বেশি হতে পারে।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে অভিযুক্ত কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। একইভাবে প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও সরাসরি মন্তব্য করতে রাজি হননি।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইন বিশ্লেষকদের মতে, সরকারি দায়িত্বে থেকে অনিয়ম বা জালিয়াতির প্রমাণ মিললে কঠোর শাস্তির বিধান রয়েছে, যা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।












