কুমিল্লারবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা: রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৬, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একযোগে কাজ করছে পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। ঘটনার মোটিভ উদঘাটনে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একজন সরকারি কর্মকর্তার নৃশংস হত্যাকাণ্ডে জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হলেও এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হয়নি। এ ঘটনায় শনিবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মা।

জানা যায়, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফেরার পথে নগরীতে প্রবেশের পর দুর্বৃত্তদের হামলার শিকার হন বুলেট বৈরাগী। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানাতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সামনে নেওয়া হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা এবং ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। ঘটনার রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন; তবে রাতের শেষ দিকে তার মোবাইল থেকে অজ্ঞাত ব্যক্তিরা কথা বলার পর সেটি বন্ধ হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত রহস্য উদঘাটনের আশা করা হচ্ছে।