রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঠাও চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬)।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত খালেদ সাইফুল্লাহর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ রফিক উল্লাহ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
এসআই তারেক হাসান জানান, সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬) কানাডিয়ান ইন্টারন্যাশনালের শিক্ষক ছিলেন। তার বাসা মিরপুর-২ এর জনতা হাউজিং এলাকায়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার তিনি তার স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং শনিবার তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল।
তিনি আরও জানান, শুক্রবার রাতে মাইকেল তেজগাঁও থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বনানীর আমতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করার পাশাপাশি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়াও নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।












