কুমিল্লাশনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বাচলে ট্রাকের চাপায় পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহত আফরোজা আকতার (২৮) ও তার শাশুড়ি কদমতলী থানার শ্রীধারা এলাকার বাসিন্দা। আফরোজার স্বামী মেহেদী হাসান একজন পুলিশ সদস্য।

মেহেদী হাসান বলেন, শুক্রবার রাতে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তার মা ও স্ত্রী আফরোজা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আফরোজা আকতারকে কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আফরোজা আকতারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট খিলক্ষেত/রূপগঞ্জ থানাকে জানানো হয়েছে। 

তিনি আরও জানান, কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়া নিহত শাশুড়ির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।