ওমান সাগরে ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অবৈধ’ ও ‘সন্ত্রাসমূলক’ আখ্যা দিয়ে কঠোর ভাষায় নিন্দা জানায়
বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাবিকদের সঙ্গে তাদের পরিবারকেও আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও বিদ্যমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় জাহাজ ও নাবিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ইরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, জাহাজটির নাবিকরা দীর্ঘ সময় সতর্কবার্তা উপেক্ষা করায় তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়। তাদের মতে, সতর্কতা সত্ত্বেও নির্দেশনা না মানায় জাহাজটির ইঞ্জিন অচল করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
এ ঘটনার ‘বিপজ্জনক পরিণতি’ হতে পারে বলে সতর্ক করে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে এ বিষয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে।












