কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। এর আগেও একাধিকবার আপত্তিকর মন্তব্যের অভিযোগ আছে এমপি আমির হামজার বিরুদ্ধে।

ফলে তার বিরুদ্ধে বাদী হয়ে মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। পরে চলতি মাসের ২ এপ্রিল আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করা হয়। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, ‘মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সকালে অ্যাড. হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছি৷’


তিনি আরও বলেন, ‘এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে একশত কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন৷ সেই মামলাটি আদালত তদন্তে দিয়েছেন।’

তবে গত ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার এই আদেশ দেন বিচারক। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

.