জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারে কোনো ধরনের আপস বা পক্ষপাত করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার উত্তরা শহীদ মীর মুগ্ধ মঞ্চে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে আয়োজিত গণশুনানিতে তিনি বলেন, তদন্তের লক্ষ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং সরাসরি অপরাধীদের বিচারের আওতায় আনা। তিনি স্পষ্ট করেন, নিরপরাধ কাউকে অভিযুক্ত করা হবে না, আবার কোনো অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।
চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে, যা যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপর শুরু হবে বিচার কার্যক্রম।
তিনি আরও বলেন, উত্তরা এলাকায় নিহতের সংখ্যা যাই হোক না কেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। গণশুনানিতে শহীদ পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি এবং বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক, গ্রেপ্তার এড়াতে পারবে না।
অনুষ্ঠানে প্রসিকিউটর তারেক আবদুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ গণশুনানিতে তদন্ত অগ্রগতি ও ভুক্তভোগীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট এলাকাও পরিদর্শন করা হয়।












