সংবাদ:
জ্বালানি সংকটের কারণে সরকার নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর রয়েছে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বিবেচনায় এই সময়সীমা শিথিলের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সংগঠনটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠানো এক চিঠিতে আগামী ১০ মে থেকে মার্কেট ও শপিং মল রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা মেনে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ের মধ্যেই দোকান বন্ধ করে আসছেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে, বিক্রি কমে গেছে উল্লেখযোগ্যভাবে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের চাপের মুখে পড়েছেন।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিত বাণিজ্য মেলার কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করা হয়। নিম্নমানের পণ্য বিক্রির মাধ্যমে এসব মেলা বাজার ব্যবস্থাকে ব্যাহত করছে বলে দাবি সংগঠনটির।
ব্যবসায়ী নেতারা জানান, ঈদের সময় সাধারণত কেনাকাটা বাড়ে। তাই এ সময় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন। একই সঙ্গে তারা আশ্বাস দিয়েছেন, ঈদের পর সাতদিন মার্কেট বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতা করবেন।
বর্তমানে জ্বালানি সংকট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।












