ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আবারও কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের নৌ ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন। একই সঙ্গে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত মতামত নিবন্ধের সমালোচনাও করেন তিনি, যেখানে বলা হয়েছিল ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে সহজে প্রভাবিত করতে পারে।
ট্রাম্পের ভাষ্য, দীর্ঘদিন ধরে ইরান যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে আসলেও বর্তমানে সেই পরিস্থিতি বদলে গেছে। তিনি দাবি করেন, ইরানের সামরিক অবকাঠামো, বিশেষ করে নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া মার্কিন অবরোধের কারণে ইরান প্রতিদিন বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরান বাস্তবে হরমুজ প্রণালি খোলা রাখতে আগ্রহী, কারণ এটি বন্ধ থাকলে তাদের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হয়।
তবে চলমান সংঘাতের বাস্তবতায় ইরান এখনও সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালির পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ রয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।












