কুমিল্লাসোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ১৪ দফা প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’ বলল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে প্রস্তাবটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তেহরানে পৌঁছেছে এবং তা গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। রোববার (৩ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনার অগ্রগতি নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন।

তিনি বলেন, চলমান আলোচনায় পারমাণবিক ইস্যু যুক্ত করার সুযোগ নেই; বরং লেবাননসহ সব ফ্রন্টে দ্রুত যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের প্রধান লক্ষ্য। ৩০ দিনের প্রস্তাবিত সময়সীমা কোনো আল্টিমেটাম নয়, বরং চুক্তিতে পৌঁছানোর একটি কাঠামো বলে উল্লেখ করেন তিনি।

ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালী ও বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আটকে থাকা সম্পদ মুক্ত করা এবং যুদ্ধক্ষতির ক্ষতিপূরণসহ একাধিক শর্ত রয়েছে। এছাড়া অঞ্চলে মার্কিন সেনা প্রত্যাহার এবং ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তার বিষয়ও এতে অন্তর্ভুক্ত।

অন্যদিকে, ইসরাইলি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করলেও তা গ্রহণযোগ্য নয়। একই সাক্ষাৎকারে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্টের প্রতি।

বিশ্লেষকদের মতে, এ অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে।