সংবাদ:
ইরানের তেল রপ্তানি ও আর্থিক সক্ষমতার ওপর আরও কঠোর চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে এবং তেল বাণিজ্য কার্যত সীমিত করে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী ইরানের তেল রপ্তানির প্রধান পথগুলোতে অবরোধ জারি থাকবে। এর ফলে দেশটির খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলো দ্রুত পূর্ণ হয়ে যাবে এবং রপ্তানি ব্যাহত হওয়ায় উৎপাদন বন্ধের ঝুঁকি তৈরি হবে।
তিনি আরও জানান, ইরানের রাজস্ব আয়ের প্রধান উৎস তেল খাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। তেহরানের তহবিল সংগ্রহ, স্থানান্তর ও বিদেশে আটকে থাকা অর্থ ফেরত আনার সক্ষমতা কমাতে ‘সর্বাত্মক অর্থনৈতিক কৌশল’ অব্যাহত থাকবে।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কোনো দেশ বা পক্ষ ইরানকে এ ক্ষেত্রে সহযোগিতা করলে তারা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা আর্থিক সম্পদও নজরদারির মধ্যে রাখা হবে এবং প্রয়োজনে সেগুলো জব্দ বা ফ্রিজ করার পদক্ষেপ অব্যাহত থাকবে।












