ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইরাকের মরুভূমিতে গোপনে একটি ঘাঁটি স্থাপন করে তা ব্যবহার করেছে ইসরাইল—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। এতে বলা হয়, যুদ্ধ শুরুর ঠিক আগে তৈরি করা এই ঘাঁটি থেকে অভিযান পরিচালনা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট ঘাঁটিটি ইসরাইলি বিমানবাহিনীর জন্য লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পরিকল্পনাটি বাস্তবায়নের সময় যুক্তরাষ্ট্রকে অবহিত রাখা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে।
মার্চের শুরুতে সন্দেহজনক হেলিকপ্টার চলাচলের তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইরাকি সেনারা। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যাতে এক সেনা নিহত হন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইরাক জানিয়েছে, তাদের অনুমতি ছাড়াই এ ধরনের অভিযান চালানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার অভিযানে ইসরাইলি বাহিনী সহায়তা করে। একইসঙ্গে নিরাপত্তার অজুহাতে ইরাকের ভেতরে অতিরিক্ত হামলাও চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিয়ে ইরাক জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগও জানায়। যদিও একটি সূত্র দাবি করেছে, ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল না।
বিশ্লেষকদের মতে, এ তথ্য প্রকাশের পর মধ্যপ্রাচ্যে গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।












