কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্য সচিব

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাব এবং এ রোগে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং সেসব ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। সেখানে স্বাস্থ্য সচিব বলেন, চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মৃত্যুর পেছনের কারণ উদঘাটনে সংশ্লিষ্টরা কাজ করছেন।

সরকারি তথ্যমতে, গত ১৫ মার্চের পর থেকে হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ২৯১ শিশুর মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই রাজধানীতে। এছাড়া এ সময়ে নিশ্চিতভাবে প্রায় সাত হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের বেশি।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য, তবে তাদের একটি বড় অংশ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানানো হয়।