সংযুক্ত আরব আমিরাতে আবারও ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া এসব হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ভূপাতিত করা হলেও এতে তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থা মাঝারি পর্যায়ের বলে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র ও হাজারের বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। সর্বশেষ হামলার পর দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।
এদিকে হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হলেও কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।














