সংবাদ:
অস্বাভাবিক আবহাওয়ার প্রভাবে দেশে হামের সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। কখনো তীব্র গরম, আবার হঠাৎ বৃষ্টিপাত—এমন আবহাওয়ার ওঠানামা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। একদিনেই নতুন করে ১২৮ জন হাম রোগী ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০০ জন।
চিকিৎসকদের মতে, কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টির কারণে ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। ডিএনসিসি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার জানান, চলমান টিকাদান কর্মসূচির কয়েক সপ্তাহ পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, সামনের দুই থেকে তিন বছরে শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপও বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ কমাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।












