কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, ইরান রাজি কিনা স্পষ্ট নয়

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২২, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

আরও শান্তি আলোচনার সুযোগ করে দিতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও বুধবার পর্যন্ত এটি স্পষ্ট ছিল না যে, দুই মাসব্যাপী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল বা ইরান এতে রাজি হবে কি না।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানি মধ্যস্থতাকারীদের এই অনুরোধে সম্মত হয়েছে যে, ‘ইরানের নেতা ও প্রতিনিধিরা একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আসা পর্যন্ত এবং আলোচনা যেভাবেই হোক শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর আমাদের হামলা স্থগিত রাখা হবে।’


হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়া একটি যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের নেতারা ইসলামাবাদে শান্তি আলোচনার আয়োজন করেছেন।


কিন্তু একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়ার পাশাপাশি ট্রাম্প এও বলেছেন যে, তিনি সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত রাখবেন, যাকে ইরান যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।


এদিকে, বুধবার সকালে ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও তেহরান থেকে আসা কিছু প্রাথমিক প্রতিক্রিয়ায় বোঝা গেছে যে ট্রাম্পের মন্তব্যকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। প্রতিবেদন বলছে। 

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের সহযোগী তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করেনি এবং শক্তি প্রয়োগ করে মার্কিন অবরোধ ভাঙার হুমকি পুনর্ব্যক্ত করেছে। ইরানের প্রধান আলোচক, সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের এক উপদেষ্টা বলেছেন, ট্রাম্পের ঘোষণার তেমন কোনো গুরুত্ব নেই এবং এটি একটি কৌশল হতে পারে।

২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর কয়েক সপ্তাহের সংঘাত শেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয় ওয়াশিংটন-তেহরানের। বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামাবাদে দ্বিতীয় আলোচনায় বসার কথা ছিল মার্কিন-ইরানি প্রতিনিধিদের। কিন্তু হরমুজে ইরানি জাহাজকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনা নিয়ে  ইরান আলোচনায় অংশ নেবে না বলে জানায়।


এর আগে ট্রাম্প বলেছিলেন দ্বিতীয় আলোচনায় না বসলে বা চুক্তি না করলে তিনি আবার ইরানে হামলা চালাবেন। কিন্তু সেই বিবৃতি থেকে সরে এসে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

.