কুমিল্লামঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতির ঘটনায় গা‌ড়িসহ ৫ ডাকাত গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৭, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দেবিদ্বারে চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের জি করোলা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নুরুন্নবী (৪৭), মহিউদ্দিন (৪০), মো. জসীম (৪১), রুবেল মজুমদার (৩২) ও সাজ্জাদ হোসেন (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৯-১০ জনের একদল সশস্ত্র ডাকাত চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে প্রবেশ করে। এ সময় রাত্রীকালীন পাহারায় থাকা নাইট গার্ডদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং তাদের পরনের শার্ট দিয়ে মুখ ও চোখ বেঁধে গেটের গার্ড রুমে ফেলে রাখে।

পরে ফিল্ডের ভেতর থেকে হাফ ড্রাম বৈদ্যুতিক তার ও একটি পানির পাম্পসহ নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। এসময় ডাকাতরা নাইট গার্ড মো. মোহর আলী (৬০) সহ কয়েকজনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত ক‌রে। গুরুতর আহত মোহর আলীকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে ডাকাত দল একটি ট্রাকে করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর বাঙ্গুরা গ্যাস ফিল্ডের (তালু বাংলাদেশ) পাবলিক রিলেশন অফিসার মো. এনায়েত ই মওলা খান বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বাঁধন চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রধান আসামি মো. নুরুন্নবীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত একটি সিলভার রঙের জি করোলা প্রাইভেটকার (রেজি: নম্বর: ১১-৭৪৭৩) জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “গ্যাস ফিল্ডে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি ও আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”