কুমিল্লামঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৬, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ফলে এখন থেকে রুটটিতে নিয়মিত তিনটি ট্রেন চলবে। নতুন এ সেবার মাধ্যমে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলমন্ত্রী জানান, বিএনপি সরকারের ইশতেহার অনুযায়ী রেল খাতকে ঢেলে সাজানো হচ্ছে। এরইমধ্যে রেলের বহরে ২০০টি কোচ যুক্ত হয়েছে। খুব শিগগিরই আরও ২০০টি কোচ আসবে।’ 

ট্রেনের টিকিট কালোবাজারি ও পাথর ছোড়ার মতো অপরাধ ঠেকাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধের আহ্বান জানান রবিউল আলম। 

কখন ছাড়বে মহানগর এক্সপ্রেস

বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন সকাল ৬টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে। পথে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে রাত ৩টায় আবার কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি।

ফিরতি পথে প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। দুই পথে যাত্রার নির্ধারিত সময় সাড়ে ৯ ঘণ্টা। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।

যেসব স্টেশনে থামবে

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে মহানগর এক্সপ্রেস বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে। নতুন রুট চালুর ফলে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। 

ভাড়া কত

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেসের আসন সংখ্যা ৭৩৬ ও ৭০৬টি। আগের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী নতুন রুটেও ভাড়া প্রযোজ্য হবে।

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৬৮৫ টাকা থেকে শুরু। এসি শ্রেণিতে সর্বোচ্চ ভাড়া ১ হাজার ৫৭০ টাকা।