কুমিল্লাবৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২২, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে তলিয়ে যাওয়া পর্যটকদের মধ্যে মো. হারুন (২০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে রামু উপজেলার হিমছড়ির প্যাঁচারদ্বীপ সৈকত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনায় এখনও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দোলন আচার্য সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, বিচকর্মী ও স্বজনদের সূত্রে জানা যায়, টানা ছুটিতে বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসে সাগরে তলিয়ে যান তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এদের মধ্যে ঘটনার পরপরই দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, চট্টগ্রাম থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মারা গেছেন আরও দুজন চাকরিজীবী, তাদেরও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া রাকিব হাসান (১৯) নামের এক যুবক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আল মাহিবুর ইবনে মোকাররম (২৪), সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রামের চাকরিজীবী মোহাম্মদ আকাশ (২১) ও মো. হারুন (২০)। নিখোঁজ শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড় (২৩)।

সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজারে পৌঁছান। পরে হিমছড়ির প্যাঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন একটি রিসোর্টে ওঠেন।

মাহবুব আলম বলেন, খাওয়াদাওয়া শেষে বিকেল ৪টার দিকে সাত বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। তাদের কেউই সাঁতার জানতেন না। এ সময় সেখানে আরও কয়েকজন গোসল করছিলেন। পানিতে দুজনকে ডুবে যেতে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান বাকি বন্ধুরা। একপর্যায়ে তারাও সমুদ্রের স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, নিহতদের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর ইবনে মোকাররম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মোকাররম হোসেনের ছেলে।

নিখোঁজ এস এম নাফিসুর রহমান নিবিড় ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।