কুমিল্লাসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে কাঠের তক্তা মাথায় পড়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১১, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের মক্কায় কর্মস্থলে ৬ তলা ভবনের ওপর থেকে কাঠের তক্তা মাথায় পড়ে প্রাণ গেছে প্রবাসী ফয়সাল মিয়ার (৩০)। গুরুতর আহত অবস্থায় ২ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে মারা যান তিনি। মৃত্যুর আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছিলেন ফয়সাল। তবে তার আর দেশে ফেরা হলো না, ফিরতে হচ্ছে মরদেহ হয়ে।

নিহত ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার মৃত মো. চান মিয়ার ছেলে। প্রায় ১৪ বছর ধরে সৌদি আরবের মক্কায় একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি। তার স্ত্রী ও ২ সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সৌদি আরবে থাকা পরিচিতজনদের মাধ্যমে ফয়সালের দুর্ঘটনার খবর পান স্বজনেরা। কর্মস্থলে ছয়তলা ভবনের ওপর থেকে একটি কাঠের তক্তা তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ২ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, ৫ ভাইয়ের মধ্যে ফয়সাল ছিলেন সবার ছোট। দুর্ঘটনার আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তখন ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা জানান। পরিবারের সদস্যদের ঝগড়া-বিবাদ না করে মিলেমিশে থাকার পরামর্শও দিয়েছিলেন। আগামী মাসের ৬ তারিখে তার দেশে ফেরার কথা ছিল। 

সজল মিয়া বলেন, ভাইয়ের সঙ্গে শেষবার কথা বলার সময়ও বুঝিনি, সেটিই শেষ কথা হবে। সে বলেছিল, দেশে ফিরবে। কিন্তু এখন তাকে মরদেহ হয়ে ফিরতে হবে। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে আমরা দিশেহারা।

তিনি আরও বলেন, ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। পাশাপাশি ফয়সালের মা, স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানান।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগসহ সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। তবে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি এর অবস্থা ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।