কুমিল্লাসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎মালদ্বীপে কুমিল্লার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১১, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মালদ্বীপে মো. সজিব (২৭) নামে কুমিল্লার এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার দুপুরে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
‎
পরিবারের দাবি, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।

‎পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে মালদ্বীপের কয়েকজন বাংলাদেশি প্রবাসী ফোন করে সজিবের মৃত্যুর খবর জানান। পরে তার স্বজনরা জানতে পারেন, শোবার ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
‎
‎সজিবের চাচাতো ভাই সোহেল জানায়, তারা জানতে পারেন, সজিবের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর থেকে সজিবের সঙ্গে একই কক্ষে বসবাসরত দুই বাংলাদেশিসহ তিনজন পলাতক রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় সজিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে।

সজিবের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা চেয়েছেন তারা।