বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তা অধিকার আইন মেনে চলা এবং রেস্তোরাঁকর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়
সংগঠনের সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান জনি।
সভায় বক্তব্য দেন হাইওয়ের অন্যতম ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা একেএম লুৎফুর রহমান রিপন, মিয়ামি রেস্টুরেন্টের মালিক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, সহসভাপতি মিজানুর রহমান ও নাসিরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন শামীম, সহসাধারণ সম্পাদক ফুয়াদ আহমেদ, হাম সফরের মাহফুজুর রহমান, সুলতান ডাইনের শরিফুল ইসলাম এবং অর্থ সম্পাদক রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রেস্তোরাঁ ব্যবসায় সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় মালিকদের সতর্কতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধিবিধান অনুসরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার জন্য রেস্তোরাঁ মালিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এ সময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
রেস্তোরাঁ খাতের সেবার মান ও কর্মদক্ষতা বাড়াতে দ্রুততম সময়ের মধ্যে অপারেশন ম্যানেজার, বাবুর্চি এবং অন্যান্য কারিগরসহ সংশ্লিষ্ট কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া রেস্তোরাঁ মালিকদের আর্থিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ রক্ষার লক্ষ্যে একটি সঞ্চয় সমিতি গঠনের ঘোষণা দেওয়া হয়। আগামী ১ নভেম্বর থেকে এ উদ্যোগ কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে মাসিক সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।












