চাঁদপুরে বড় ধরনের এক মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকার নুরুল্লাপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, সদর উপজেলাধীন নুরুল্লাপুর এলাকার আবুল হাশেমের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ফারহান রনি ও তার গাড়িচালক নূর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সূত্রের মাধ্যমে তথ্য পেয়ে মঙ্গলবার সকালে ডিএনসি’র একটি বিশেষ টিম ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফারহান রনির শোবার ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে ওই বাসার আঙিনায় থাকা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে আভিযানিক দলটি।
সহকারী পরিচালক আরও জানান, ফারহান রনি একটি সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই বিপুল পরিমাণ মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারহান রনি ও তার ড্রাইভার নূর হোসেন পলাতক রয়েছে। তাদের পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।












