কুমিল্লাশনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও হত্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের।

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মো: জহিরুল ইসলাম খান

কুমিল্লায় এক অসহায় বিধবা নারীকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের চেষ্টা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাজী মো. আলমগীর হোসেন প্রকাশ আলমের বিরুদ্ধে। ভুক্তভোগী আমেনা বেগমের অভিযোগ, বসতভিটা নিয়ে বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। কুমিল্লা নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগিচাগাঁও এলাকার ঘটনা এটি। ভুক্তভোগী আমেনা বেগমের বয়স ৪৪ বছর। তাঁর স্বামী প্রয়াত শেখনদার আলী। অভিযোগে অভিযুক্ত হাজী মো. আলমগীর হোসেন প্রকাশ আলমের বয়স ৬০ বছর। থানায় দায়ের করা লিখিত অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন নিয়ে বসতভিটায় পরিবার পরিজনসহ বসবাস করে আসছেন এবং নিয়মিত সরকারি কর পরিশোধ করছেন। একই এলাকায় অভিযুক্ত আলমগীর হোসেনসহ আরও কয়েকটি পরিবারও বসবাস করছে। তবে তাঁর দাবি, বসতভিটার ওপর কোনো স্বত্ব বা অধিকার না থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাঁকে উচ্ছেদের চেষ্টা করছেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বসতভিটা নিয়ে বিরোধ সৃষ্টি করে স্থানীয়ভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রতিকার চাইলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন ওই নারী। আমেনা বেগমের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে অভিযুক্ত ব্যক্তি তাঁর বসতবাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা প্রতিহত করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, অভিযুক্ত ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ, অপমান-অপদস্থ এবং হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন আমেনা বেগম। এমনকি তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তাঁর পরনের কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটানো হয়েছে বলেও লিখিত অভিযোগে দাবি করা হয়। ভুক্তভোগীর আরও অভিযোগ, বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখল করতে ব্যর্থ হলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে অবশেষে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই বিধবা নারী। এদিকে, অভিযুক্ত আলমগীর হোসেনকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অভিযোগকারী পক্ষ। ভুক্তভোগী আমেনা বেগমের দাবি, তাঁর বসতভিটার সম্পত্তি দখলের চেষ্টা বন্ধ করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।