কুমিল্লাবৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গোলাম মোস্তফা ওরফে টেংগর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে পটল গ্রুপ ও আজা মেম্বর গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত গোলাম মোস্তফা ওরফে টেংগর চরইকুড়ি গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে। তিনি পটল গ্রুপের প্রধান পটলের ভাই।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পটল গ্রুপ ও স্থানীয় আজা মেম্বর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আজা মেম্বরের পক্ষের লোকজন গোলাম মোস্তফা ওরফে টেংগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে পটল (৭০), শুভ (৩৬), শাহ জামাল (৪০), আজা মেম্বর (৬০) ও বুলবুলসহ অন্যদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।