কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পারাপারের সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মন্ডল (৬০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শুক্রবার উপজেলার ১২ মাইল এলাকা থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাওয়ার সময় পদ্মা নদীর মাঝনদীতে এ ঘটনা ঘটে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. শফিকুল ইসলাম।
নিখোঁজ উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া এলাকার মৃত খেদের আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝ পদ্মায় প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি হঠাৎ ঘুরে গেলে উজির মন্ডল নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। পরে প্রায় ৫০ হাত দূর থেকে তাকে হাত নেড়ে ইশারা করতে দেখা যায়। তবে নদীতে প্রবল স্রোত থাকায় নৌকা নিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পদ্মায় প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিখোঁজ কৃষক উজির মন্ডলের সন্ধানে খুলনা থেকে ডুবুরি দল এসেছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান চলছে। খুলনা থেকেও ডুবুরি দল আনা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি বলেন, উজির মণ্ডলসহ কয়েকজন কৃষক দাদাপুর চরে মাসকলাই চাষের জন্য যাচ্ছিলেন । নৌকা থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ-পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আজও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান বলেন, পদ্মা নদীতে একজন নিখোঁজ হয়েছেন। বিষয়টি লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ি বিষয়টি দেখভাল করছে। আমরাও নজর রাখছি।












