হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেটের বিশেষায়িত শহীদ সামসুদ্দিন হাসপাতালে এবং আরেকজন হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান।
নিহত শিশুরা হলেন, সিলেট সদর উপজেলার শাহ আলমের চার মাস বয়সী শিশু আদিয়ান এবং হবিগঞ্জ জেলা সদরের আব্দুর রউফের ১০ মাস বয়সী শিশু ইয়াসিন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৫৫ জন রোগী ভর্তি হয়েছে। তন্মধ্যে সিলেটে হামের বিশেষায়িত শহীদ সামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৫ জন।বাকিরা জেলা সদরসহ অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে।তন্মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৬৯ জন, সুনামগঞ্জ জেলায় ৬৬ জন, হবিগঞ্জে ২৫ এবং মৌলভীবাজার জেলায় ১৫ জন।












