কুমিল্লাবৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার অভিযোগে ৬২৪ জন আটক

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে এক রাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।

তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লুৎফর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, কুমিল্লা নগরীসহ জেলার ১৮ থানার বিভিন্ন এলাকায়, বিশেষ করে বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম খুনের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরই পুলিশ এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।