কুমিল্লার দাউদকান্দি থানায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক ১৭ কিশোর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানার ভেতরের একটি কক্ষ থেকে তারা বেরিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়।
রাতে ওই কক্ষে থাকা কয়েকজন কিশোর দরজা ভেঙে এবং প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে বাইরে বেরিয়ে আসে বলে অভিযোগ করা হয়েছে। এরপর তাদের মধ্যে ১৭ জন পালিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে থানার একটি কক্ষে ভাঙা প্লাস্টিকের চেয়ার ও ক্ষতিগ্রস্ত দরজা দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তবে থানায় ভাঙচুর ও ১৭ জনের পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
ওসি বলেন, কিশোরদের আটক করার পর তাদের পরিবারের সদস্যরা থানায় ভিড় করেন। এ সময় কয়েকজন থানা থেকে চলে গেলেও পরে তাদের আবার আটক করা হয়েছে। থানায় ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












