কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ জন কিশোর ও তরুণকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালায় পুলিশের একটি দল।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি।
পুলিশ জানায়, রাতের বেলায় বিভিন্ন অলিগলিতে আড্ডা, মোটরসাইকেল নিয়ে অস্বাভাবিক চলাচলসহ বিভিন্ন কারণে সন্দেহভাজন কিশোর ও তরুণদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছে। এছাড়া কয়েকজনকে মোবাইল ফোনে গেমস খেলা অবস্থায়ও আটক করা হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন নাহার লাইলি জানান, আটকদের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












