কুমিল্লাবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি ) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় শশীদল, শংকুচাইল, খারেরা, সালদানদী, ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, ফুসকা, অলিভ অয়েল, জনসন বেবি পাউডার, বাজি, গরু, সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানান, ‘সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।’