কুমিল্লার মনোহরপুর এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরকে হেরিটেজ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রত্যাহারের দাবিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন মন্দিরের স্বেচ্ছাসেবক ও ভক্তবৃন্দ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দির কুমিল্লার একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দিরের ভক্তবৃন্দ ও মায়ের সেবকগণ মন্দিরটিকে একটি মডেল মন্দির হিসেবে নির্মাণ ও উন্নয়নের জন্য আবেদন করেছেন। তবে মন্দিরটিকে হেরিটেজ হিসেবে ঘোষণার জন্য তারা কোনো আবেদন করেননি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন, শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরকে হেরিটেজ হিসেবে ঘোষণার প্রস্তাব করা হয়েছে। এতে মন্দিরের ভক্ত ও সেবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্মারকলিপিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, মন্দিরটি তাদের ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও আস্থার অন্যতম প্রধান স্থান। তাই মন্দিরের স্বেচ্ছাসেবক ও ভক্তবৃন্দ ঐকমত্যের ভিত্তিতে মন্দিরটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করতে চান না।
তবে মন্দিরের উন্নয়ন, সংরক্ষণ ও আধুনিকায়নের পক্ষে রয়েছেন তারা। একই সঙ্গে মন্দিরের ধর্মীয় স্বাতন্ত্র্য, পূজা-অর্চনা ও স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম অক্ষুণ্ন রেখে এর উন্নয়ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্মারকলিপিতে অনতিবিলম্বে শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব বা উদ্যোগ প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সিটি কর্পোরেশন প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে, হেরিটেজ ঘোষণার প্রস্তাব প্রত্যাহারের দাবিতে সংশ্লিষ্টদের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানা গেছে।












