ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন জসিম উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকেই উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুল্লাবর গ্রামের মৃত আইনুল্লাহর ছেলে জসিম উদ্দিনের সঙ্গে তার স্ত্রী পারুল বেগমের (৫০) পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জসিম উদ্দিনের সন্দেহ ছিল, তার আপন বড় ভাইয়ের ছেলে মো. শাহজাহানের (৪৫) সঙ্গে স্ত্রী পারুল বেগমের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বসতঘরের ভেতর স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী পারুল বেগমের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে জসিম উদ্দিন একই অস্ত্র দিয়ে নিজের গলায় পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তাদের চিৎকার ও রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের কেউ না থাকায় এখনো কোনো অভিযোগ করেননি।












