নাইদুল হোসাইন ইমন
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার নজরুল একাডেমির পেছনে রাতের আঁধারে পুকুর ভরাটের সময় অভিযান চালিয়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) ও ভরাট করা বালু জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ০.৫৬ একর আয়তনের পুকুরটি অবৈধভাবে ভরাট করা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা’র নেতৃত্বে বিজিবি, পুলিশ ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থলে উপস্থিত তিনজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে পুকুর ভরাটে ব্যবহৃত এক্সক্যাভেটরটি জব্দ করে বিধি মোতাবেক বাজেয়াপ্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। একইসঙ্গে জব্দ করা বালু প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে পরবর্তীতে নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তারা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাদের সম্পৃক্ততা যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ইতোমধ্যে ভরাট করা পুকুরটি আইনানুগ প্রক্রিয়ায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশণা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুকুর বা জলাধার কোনো ব্যক্তির ইচ্ছামতো ভরাট কিংবা শ্রেণি পরিবর্তনের বিষয় নয়। এগুলো পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বার্থের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে অপরিকল্পিতভাবে জলাধার ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলাকে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্ত রাখতে এবং পরিবেশ সুরক্ষায় পুকুর ও জলাধার অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।












