নাইদুল হোসাইন ইমন
ইমারত আইন ও নির্মাণবিধি না মানার অভিযোগে কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে নির্মাণাধীন চারটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে আরও চারটি ভবনের অনুমোদনের কাগজপত্র তলব করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
তিনি বলেন, চারটি ভবনকে নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে । বৈধ কাগজপত্র ও অনুমোদন দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে- নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন, একই এলাকার বাদুরতলা সড়কে ইব্রাহিম কাজী টাওয়ার, নূরজাহান ট্রেড সেন্টার, রামঘাট এলাকার আল আমিন হাউজিং লিমিটেডের আলম ভিলা।


এছাড়া ফৌজদারি মোড়ের ডেলমন ডেভলপারস্ এর লতিফ কুঞ্জ, সিলভার শফিউল টাওয়ার, কাউসার গার্ডেন ভবনকে নোটিশ করা হয়েছে, তাদের অনুমোদনের কাগজপত্র কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষকে জমা দিতে বলা হয়েছে।
উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার প্রকৌশলী মো. সিরিফুল হক বলেন, “অভিযানে গিয়ে আমরা ভবনগুলোতে তাদের নির্মাণকাজের অনুমোদনের কাগজপত্র পাইনি। এমনও দেখা গেছে যে ভবনের আসা যাওয়ার পথ শর্ত অনুযায়ী না রেখেই বহুতল নির্মাণ করা হয়েছে।
“এছাড়া পার্কিং বে না রাখা, সেটব্যাক না রাখা, সিঁড়ি এবং সীমানা প্রাচীর ফুটপাতের উপরে উঠে যাওয়া, নিরাপত্তা প্রাচীরসহ নানান অনিয়ম পাওয়া গেছে।”
উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লাকে সুন্দর, নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভবন মালিক, ডেভেলপারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি তারা তা করবেন।












