যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ওই এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শামীম ওসমানের উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও যুবদলের শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিক্ষোভকারীরা শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শামীম ওসমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের রাজনৈতিক আন্দোলন অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো নেতা যুক্তরাষ্ট্রে এলে তাঁদের পক্ষ থেকে প্রতিবাদ অব্যাহত থাকবে। বিএনপি ও দলের নেতৃত্বের প্রতি তাঁরা ঐক্যবদ্ধ ও আপসহীন বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে বিভিন্ন দেশে অবস্থান নেন। শামীম ওসমানও ওই সময় বাংলাদেশ ছাড়েন। পরে তাঁর যুক্তরাষ্ট্রে অবস্থানের কথা জানা যায়।
নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত শামীম ওসমানকে ঘিরে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিরোধ ও নানা অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। সরকার পতনের পর বিদেশে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাদের প্রকাশ্য উপস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে প্রবাসী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ-বিক্ষোভও দেখা যাচ্ছে।
নিউইয়র্কের এই কর্মসূচিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভে বাদল মির্জার পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা সালেহ আহমদ মানিক, কচি, গোলাম মাহমুদ, হাসান, সাইফুল ও মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।












