নোয়াখালীর এক তরুণ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং এক ম্যাচের রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় গেছেন। প্রিয় দলের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি।
বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। তিনি নিজেকে একজন ফুটবল সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আন্তর্জাতিক আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখছিলেন। ম্যাচ পরিচালনায় পক্ষপাতিত্ব, অনিয়ম ও পূর্বপরিকল্পিত জালিয়াতির কারণে তার সমর্থিত দল পরাজিত হয়েছে এবং এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই ঘটনায় ফিফা থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
রাকিব আরও বলেন, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তরুণটি লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে অভিযোগটি থানায় মামলা হিসেবে গ্রহণের আইনগত সুযোগ না থাকায় বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয়েছে। পরে তিনি অভিযোগ নিয়ে চলে যান।












