কুমিল্লাবৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় ধসে বান্দরবান-কক্সবাজারে ৭ জনের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৯, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

টানা বৃষ্টিতে বান্দরবানের লামায় পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের ২ জন মারা গেছেন। কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।

পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বান্দরবানের লামায় পাহাড় ধসে মারা গেছেন দুই পরিবারের ৫ জন। আর কক্সবাজারে মারা গেছেন ২ জন। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লামার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় পাহাড় ধস হয়। এতে নিহতরা হলেন মো. ইউনুস, স্ত্রী রানু আক্তার ও তাদের ছেলে মো সোলেমান, আরেক পরিবারের মো জুয়েল ও কুলছুমা আক্তার। এর আগে বুধবারও বান্দরবানে পাহাড় ধস হয়। তবে তাতে কেউ হতাহত হয়নি। 

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুই ঘটনায় নিহত হয়েছে শিশুসহ ৫ জন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে কক্সবাজারের চকরিয়ায় মাঝরাতে পাহাড় ধসে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। রাতের অন্ধকারে স্থানীয়রাই উদ্ধারকাজ চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ নিয়ে কক্সবাজারে পাহাড়ধসে ৪ দিনে ১৭ জনের মৃত্যু হলো।