কুমিল্লারবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

প্রতিবেদক
Cumilla Press
জুন ৬, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত ও অভিযুক্ত দুজনই দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ করেন আনোয়ার হোসেন। এ নিয়ে বন্ধু সাব্বিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, পূর্ব বিরোধের জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।