চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান শিগগিরই দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সম্ভাব্য এই আলোচনার সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দুই দেশই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে সদিচ্ছা দেখিয়েছে। বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলোচনায় অগ্রগতি আনতে লেবাননের পরিস্থিতি স্থিতিশীল থাকা জরুরি।
এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।
সূত্র মতে, যুদ্ধবিরতির অর্ধেক সময় পার হলেও দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, সম্ভাব্য যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানের প্রতিনিধিদলকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পূর্ণ সমর্থন থাকতে হবে, যাতে সমঝোতা বাস্তবায়নে কোনো বাধা না থাকে।
এর আগে পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়। এক দশকেরও বেশি সময় পর এটি ছিল দুই দেশের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের আলোচনা, যা ভবিষ্যৎ কূটনৈতিক প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।












