জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় কার্যকরের দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ১১টি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ১১ দলের পক্ষে কর্মসূচি তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিলের মাধ্যমে আন্দোলন শুরু হবে। এরপর ২৫ এপ্রিল দেশের অন্যান্য বিভাগীয় শহরে একই ধরনের কর্মসূচি পালিত হবে। এছাড়া ২ মে সারাদেশের জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে।
এই সময়ের মধ্যে প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে বলেও জানানো হয়।
নেতারা জানান, ২ মে’র পর বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং ১২টি সিটি করপোরেশন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পরবর্তীতে রাজধানীতে বড় সমাবেশের আয়োজন করা হবে, যার তারিখ পরে ঘোষণা করা হবে।












