কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানি তেল কেনায় কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের, নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৬, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরানি তেলের লেনদেনে জড়িত ব্যাংক ও সংস্থাগুলোকেও দ্বিতীয় দফার নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে জ্বালানি বাণিজ্যে জড়িত যেকোনো দেশকে আগেই সতর্ক করা হয়েছে। কোনো দেশের ব্যাংকে ইরানি মুদ্রা বা অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ করে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনের প্রতি এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, সাম্প্রতিক অবরোধের ফলে ইরানি তেল আমদানিতে বিরতি দিতে বাধ্য হতে পারে বেইজিং।

এরই মধ্যে চীনের কয়েকটি বড় ব্যাংকের কাছেও আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, ইরানের অর্থপ্রবাহে কোনোভাবে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এদিকে, চলমান অবরোধের মধ্যেই ইরানের তেল খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এতে দেশটির তেল পরিবহন অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট দুই ডজনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।