বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সরকার। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে এবং প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসন ক্যাডারের ৩৯ জন কর্মকর্তাকে বরখাস্ত, ১২ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৫৬৪ জনকে ওএসডি করা হয়েছিল।
নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে প্রাপ্ত সুপারিশ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












