কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করছে এনসিপি

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২১, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দলীয় প্রচারণা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওইদিন সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহিদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এই প্রচারণা শুরু করতে যাচ্ছে দলটি।

বুধবার (২১ জানুয়ারি) এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীব (আদীব আরিফ), এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন, ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল, ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনে মোট ৩০টি আসনে লড়বে দলটি। এরমধ্যে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল ও ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নেত্রকোণা-২ ফাহিম রহমান খান, রাজবাড়ী-২ জামিল হিজাযী, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন ও বান্দরবান আসনে (বান্দরবান পার্বত্য জেলা) এস এম সুজা উদ্দিন সংসদ সদস্য (এমপি) পদে লড়বেন।