কুমিল্লামঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনুমোদন পেল আরও নতুন ৪ থানা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২০, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রথম সভায় দেশের প্রশাসনিক কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ১১৯তম সভায় মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।
 

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নাগরিক সেবা ও প্রশাসনিক গতিশীলতা বাড়াতে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ীতে নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা গঠন করা হবে।


সভায় মন্ত্রণালয় ও বিভাগের কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য খাতের সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে পুনরায় একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে, যদিও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

অর্থনৈতিক কর্মকাণ্ড সুসংহত করতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় গৃহীত হয়।


অন্যদিকে, পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবটিও সভায় অনুমোদিত হয়।


প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারের ১৪ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।