কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর চারতলা বাড়িসহ প্লট-ফ্ল্যাট জব্দের আদেশ

প্রতিবেদক
Cumilla Press
মে ৮, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের চারতলা বাড়ি, চারটি প্লট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন। এছাড়াও তার ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকাসহ ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের (দুর্নীতি দমন কমিশন) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের দায়ের করা আবেদনে বলা হয়েছে, লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা মূল্যের জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তি অর্জন করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের উচ্চপদে থাকাকালীন তার ক্ষমতার অপব্যবহার করে তাহমিনাকে এই অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তাহমিনা নিজ নামে এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসবিহীন মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব লেনদেনের মাধ্যমে অর্থ পাচার (মানি লন্ডারিং) করা হয়েছে বলে দাবি করা হয়।

এক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে তাহমিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তকালে পাওয়া তথ্যে জানা গেছে, আসামি পক্ষ এই অবৈধ সম্পত্তি দ্রুত হস্তান্তর করার চেষ্টা করছে, যা মামলার বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তাই আদালত সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।