ডেস্ক রিপোর্ট:
ঈদের গানের ক্ষেত্রে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতি ঈদেই তিনি তার ভক্তদের জন্য নতুন নতুন গান নিয়ে উপস্থিত হন। তবে তার গানের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলই বেশি আলোচিত হয়। তার গান শ্রোতাদের জন্য ঈদের একটি ভিন্নধর্মী বিনোদন হয়ে আসছে। কিন্তু এবারের রোজার ঈদে ব্যতিক্রম দেখা যাচ্ছে—মাহফুজুর রহমান কোনো গান শোনাবেন না।
এটিএন বাংলার জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। পাশাপাশি তার কর্মব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার কোনো গানের আয়োজন থাকছে না।
গত কুরবানি ঈদে মাহফুজুর রহমান ভিন্নভাবে উপস্থিত হয়েছিলেন। বাংলা গানের পাশাপাশি তিনি হিন্দি গানও পরিবেশন করেছিলেন। ‘আমার চোখের আলো’ শিরোনামে একটি একক সংগীতানুষ্ঠানে তিনি একাধিক গান গেয়েছিলেন। এছাড়া ‘ওয়াদা করো’ নামে একটি দ্বৈত গানের অনুষ্ঠানে তাকে নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল। শুধু এটিএন বাংলা নয়, এটিএন নিউজেও তার আরেকটি একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’ সম্প্রচারিত হয়েছিল।
গান গাওয়ার পাশাপাশি মাহফুজুর রহমান সংগীত নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষাও করে থাকেন। কখনো রোমান্টিক, কখনো জীবনমুখী গান দিয়ে তিনি দর্শকদের সামনে হাজির হন তার নিজস্ব স্টাইলে। তার গান নিয়ে যত সমালোচনা থাকুক না কেন, একটি বিষয় স্পষ্ট—তিনি কখনই থেমে থাকেন না।
উল্লেখ্য, ড. মাহফুজুর রহমান একসময় কেবল একজন গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু ২০১৬ সাল থেকে তিনি প্রধানত একজন গায়ক হিসেবেই আলোচিত হয়ে উঠেছেন। নিজের চ্যানেলে তিনি একের পর এক একক সংগীতানুষ্ঠান উপস্থাপন করেছেন, যা ইন্টারনেট জগতে ব্যাপক সাড়া ফেলে।












