কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৯, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাছির উদ্দীন শোধনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ৯ মার্চ বাদ যোহর ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস পশ্চিম পাড়ার আল মদিনা জামে মসজিদ মাঠে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহান পৃথা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালনের পর একই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ ও তার টিম, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও শিদলাই দরবার শরীফের পীর সাহেব মাওলানা রুহুল আমীন, মাওলানা আব্দুর রহমান, ক্বারি শরীফুল ইসলাম সরকার, মাওলানা যোবায়ের আল হানাফি, কাজী খায়রুল আমিন, কাজী ছফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন শোধন (৭২) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শনিবার (৮ মার্চ) রাত ৮টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭১ সালের ১ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ৪৮ ই বেঙ্গল রেজিমেন্টে কর্পোরাল পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন।

মরহুম তার স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধা সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।